ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ চায় বিএনপির স্থায়ী কমিটি।
তবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন স্থায়ী কমিটির একাধিক সদস্য।
তারা বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে স্থায়ী কমিটির বৈঠকে এ মত এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে ভিপি ও জিএসসহ অন্যান্য পদে প্রার্থী কারা হবেন সে বিষয়ে কাজ করছেন এ্যানিসহ কয়েকজন।
পৌনে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
