পটিয়ায় রুবেল হত্যা

১৭ মাস পর অটোরিকশা উদ্ধার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৩:০২ এএম

চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশাচালক রুবেল হত্যার প্রায় ১৭ মাস পর ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার আসামি জহির উদ্দিনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে গতকাল সোমবার ভোরে বোয়ালখালীর শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জহির অন্য আসামিদের কাছ থেকে ৭০ হাজার টাকায় সেটি কিনেছিলেন।

২০১৭ সালের ৩১ আগস্ট অটোরিকশাচালক রুবেল উদ্দিন (২৫) খুন হন। এ ঘটনায় পটিয়া থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। ঘটনার ১০ দিন পর রুবেলের পরিবার ছবি ও জামাকাপড় দেখে লাশ শনাক্ত করে। পরবর্তী চার মাস তদন্ত করেও থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে পিবিআইকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। 

পিবিআইর পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুকের তত্ত্বাবধানে এসআই পরিতোষ দাশ গত বছরের ৩০ অক্টোবর মামলার আসামি রাউজান থানার তালিকাভুক্ত সন্ত্রাসী রোকন উদ্দীন ওরফে মামুনকে (৪০) গ্রেপ্তার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক হত্যায় নাছির (২২) ও জামশেদকেও (২৮) গ্রেপ্তার করে পিবিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত