রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করা হবে না: ত্রাণমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০৮:৩৩ পিএম

নোয়াখালীর ভাসানচরে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করা হবে না উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা: মোহাম্মদ এনামুর রাহমান বলেছেন, ‘ইউএনএইচসিআর’সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে রোহিঙ্গাদের সম্মতির ভিত্তিতেই স্থানান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অক্সফাম ও ইউএনএইচসিআর যৌথ উদ্যোগে বাস্তবায়িত উখিয়ার কুতুপালংয়ে পয়োবর্জ্য শোধনাগার উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া প্ল্যান্টে দেড় লাখ মানুষের পয়োবর্জ্য পরিশোধন করা সম্ভব হবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, এ ধরনের প্ল্যান্ট জরুরি অবস্থা মোকাবিলা ও পয়োবর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নিরাপদ ও বড় অগ্রগতি। যা নির্মাণে গাছ, বাঁশ ও অন্যান্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয়েছে।

ডা: এনামুর রাহমান বলেন, এটিতে কার্যকর সফলতা আসলে পরবর্তীতে সকল রোহিঙ্গাদের পয়োবর্জ্য শোধনে আরও প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। যা বাংলাদেশের বড় বড় শহরগুলোর জন্য দৃষ্টান্ত হিসেবে কাজে আসবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এস এম শাহ কামাল, শরণার্থী প্রত্যাবাসন ও ত্রাণ কমিশনার মো. আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরওয়ার কামাল ও অক্সফামের কান্ট্রি ডিরেক্টর দীপংকর দত্ত সহ ইউএনএইচসিআর ও আইওএম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো পয়োবর্জ্য শোধনাগারটি (প্ল্যান্ট) স্থাপিত হয়েছে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। উখিয়ার কুতুপালং ক্যাম্প-০৪ এ স্থাপিত এ প্ল্যান্টটি বিশ্বের বিভিন্ন শরণার্থী ক্যাম্পের মধ্যে সবচেয়ে বড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত