নওগাঁয় একটি নকল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। শহরের বিসিক সংলগ্ন শালুকা গ্রামে জনৈক জিল্লুর রহমানের গোডাউন ভাড়া নিয়ে মাটি দিয়ে বিশেষ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সার তৈরি করে বাজারজাতের প্রস্তুতি চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি জানতে গোডাউনটিতে তালা ঝুলিয়ে দেন।
পরে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই এবং উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মফিদুল ইসলাম সমন্বয়ে ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সেখান থেকে প্রায় সাড়ে ৪০০ বস্তা মাটি, ডাস্ট করা প্রায় ২৫ মণ মাটি, দস্তার রঙে ক্ষুদ্রাকৃতির গোলাকার প্রায় ৩০ মণ মাটি, মিক্সচার মেশিন, বিভিন্ন আকার ও রঙ দেওয়ার সরঞ্জাম ও কেমিক্যাল এবং বিভিন্ন কোম্পানির লেভেল উদ্ধার করা হয়েছে।
প্রিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের কোম্পানির ব্র্যান্ডে ‘নিউ এগ্রো পাওয়ার’ নাম দিয়ে এই নকল সারগুলো বাজারজাত করার প্রক্রিয়া শুরু করেছিল এই প্রতারক চক্র।
গোডাউনের মালিক জিল্লুর রহমান জানান, যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন কৃষ্ণনগর গ্রামের বদর উদ্দিনের ছেলে এদাদুল হক এক মাস আগে এই গোডাউনটি ভাড়া নেয়। এ ব্যাপারে একটি লিখিত চুক্তিপত্রও সম্পাদন করেন। এক মাস আগে ভাড়া নিলেও সপ্তাহখানেক আগে থেকে ওই গোডাউনে তার কার্যক্রম শুরু করে।
ভ্রাম্যমাণ আদালত গোডাউনটি সিলগালা করে দিয়েছে।
সদর থানার ওসি আবদুল হাই জানান, এ বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান শুরু হয়েছে।
