বর্ণবাদ বিদ্বেষী মন্তব্য করে সরফরাজ আহমেদ শাস্তি পেলেও তাকে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরিয়ে আনাটা ঠিক হয়নি বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। এমন সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কড়া সমালোচনা করেছেন সাবেক এই তারকা পেসার।
ডারবানে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান অ্যান্ডিল ফেলুকায়োকে উর্দু ভাষায় ‘কালো’ বলে কিছু একটা বলেন সরফরাজ। পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যানের এই কথা ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। সঙ্গে সঙ্গে আলোড়ন পড়ে যায় ক্রিকেটমহলে।
এমন মন্তব্যের জন্য সরফরাজ নিজে ও পিসিবি দু:খ প্রকাশ করলে শাস্তি থেকে রেহাই পাননি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) চারটি আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা দেয় তাকে। এই নিষেধাজ্ঞার পর দক্ষিণ আফ্রিকা থেকে সরফরাজকে ফিরিয়ে আনা হয়।
পিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা করে সরফরাজ বলেন, “দক্ষিণ আফ্রিকা থেকে তাকে ফিরিয়ে আনাটা ভুল সিদ্ধান্ত ছিল। ৬ ফেব্রুয়ারি সে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারত।”
“সরফরাজ যা করেছে তা ভুল। তবে এটাও সত্যি যে, সরফরাজের মন্তব্য নিয়ে অন্যদের চেয়ে পাকিস্তানীরাই বেশি কথা বলেছে এবং একটা ইস্যু বানিয়ে ফেলেছে।”
তবে সরফরাজের এই অপরাধে অধিনায়কত্ব কেড়ে নেওয়া উচিত হবে না বলেও মনে করেন পিসিবির ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম।
“বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। আমাদের দীর্ঘমেয়াদী একজন অধিনায়ক দরকার, স্বল্প মেয়াদী নয়। শোয়েব মালিক এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। খুব ভালো দায়িত্ব পালন করছে। কিন্তু সে বলেছে, বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবে।”
সরফরাজের নেতৃত্ব নিয়ে ওয়াসিম বলেন, “সে এখনও শিখছে। সে যত পরিপক্ব হবে তত ভালো করবে, আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা ভুল ঠেকতে পারে।”
