ঢাকার দুই সিটির উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০২:২৩ পিএম

ঢাকা উত্তর সিটিতে মেয়র ও সম্প্রসারিত ২২টি ওয়ার্ড এবং দক্ষিণ সিটির ২২টি সম্প্রসারিত ওয়ার্ডে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।

তিনি বলেন, সীমানা নির্ধারণ না করে উত্তরের মেয়র ও ২২টি ওয়ার্ড কাউন্সিলর এবং দক্ষিণের সমসংখ্যক ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ইসি তফসিল ঘোষণা করেছে যা বেআইনি।

ইউনুস আলী জানান, রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সাতজনকে বিবাদী করা হয়েছে।

কার্যতালিকায় আসলে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

রিটে বলা হয়, এর আগেও ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছিল। কিন্তু আদালত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেননি। কিন্তু গত ২২ জানুয়ারি নির্বাচন কমিশন পৃথক দুটি তফসিল ঘোষণা করে। এ অবস্থায় ইসির ঘোষিত তফসিলটি সংবিধান ও আইনের পরিপন্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত