স্ত্রীর পরকীয়ার অভিযোগ তুলে চিকিৎসকের আত্মহত্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০২:০৫ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর আগে তিনি স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মোরশেদ আকাশ (৩২) চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘তিনি ১৩ নম্বর ওয়ার্ডে গতকালও দায়িত্ব পালন করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘সকাল সোয়া ছয়টার দিকে ডা. মোস্তফা মোরশেদ আকাশকে হাসপাতালে নিয়ে আসেন তার ভাই। স্ত্রী সঙ্গে মনোমালিন্যে তিনি আত্মহত্যা করেছেন। ইনজেকশনের মাধ্যমে শিরায় বিষপ্রয়োগ করে তিনি আত্মহত্যা করেন।’ 

মোস্তফা মোরশেদ আকাশের ফেসবুক পেজে দেখা গেছে, ভোর পাঁচটার দিকে তিনি দুটি স্ট্যাটাস দিয়েছেন।

এর একটিতে তিনি স্ত্রীর প্রতি পরকীয়ার অভিযোগ তুলে তাকে ‘চিটার’ বলে আখ্যায়িত করেন। ২০০৯ সালে পরিচয়ের পর ২০১৬ সালে তাদের বিয়ে হয় বলে স্ট্যাটাসে জানান চিকিৎসক মোরশেদ।

মোরশেদ নগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে থাকতেন। তিনি চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত