বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে রূপগঞ্জের বরপা অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দু’দিকে ১৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায় বলে পুলিশ জানায়।
শ্রমিকরা জানায়, গত নভেম্বর-ডিসেম্বর মাসের বকেয়া বেতন পরপর দু’দফায় সময় দিয়েও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। সর্বশেষ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দেয় তারা। তবে সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখে প্রধান ফটকে তালা দেওয়া। এরপর শ্রমিকরা বিক্ষোভ করে এবং ঢাকা-সিলেট মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে।
কারখানার ম্যানেজার (প্রশাসন) মাহাবুব আলম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতে মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক থেকে টাকা তুলতে পারেনি। তাই আগামী মঙ্গলবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হক বলেন, বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
