জাপানকে হারিয়ে প্রথমবার এশিয়া চ্যাম্পিয়ন কাতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৪ এএম

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠেই সবাইকে অবাক করে দিয়েছিল কাতার। ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল দলটি। এবার শক্তিশালী জাপানকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা নিজেদের করে নিয়েছে আরব উপদ্বীপের ক্ষুদ্র দেশটি।

আবু ধাবির শেখ জায়েদ স্পোর্টস স্টেডিয়ামে শুক্রবার রাতে জাপানকে ৩-১ গোলে হারায় ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।

খেলা শুরু হওয়ার দ্বাদশ মিনিটেই কাতারকে এগিয়ে নেন আলময়েজ আলি। আকরাম হাসান আফিফের পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে দুর্দান্ত এক বাইসাইকেল শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

এই গোলে দারুণ একটি রেকর্ডও নিজের করে নেন আলময়েজ। নয়টি গোল নিয়ে এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন তার দখলে। আট গোল নিয়ে এতদিন রেকর্ডটি ছিল ইরানের কিংবদন্তি আলি দায়ি দখলে।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে কাতার। এই গোলেও অবদান আফিফের। তার পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের অসাধারণ এক শটে বল জালে পাঠান আবদেলাজিজ হাতিম।

ম্যাচে ঘুরে দাঁড়াতে বিরতির পর মরিয়া হয়ে ওঠে জাপান। একের পর এক আক্রমণ চালায় তারা। ম্যাচের ৬৯তম একটি গোল করে লড়াই জমিয়ে তুলে সূর্য উদয়ের দেশ। উইয়া ওসাকোর গোলটি করেন ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। এবারের আসরে প্রথম কোনো গোল খেল কাতার।

ম্যাচের শেষ দিকে রেফারির দেওয়া একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিতর্ক ছড়ায়। ৮১তম মিনিটে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে জাপানের এক খেলোয়াড়ের হ্যান্ডবলের কারণে কাতারের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে দলের দলকে তৃতীয় গোলটি এনে দেন আফিফ।

শিরোপা জয়ের বাধভাঙা উল্লাসে মাতে কাতার। এশিয়া কাপে এর আগে দলটির সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো।

দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত কাতারের কোচ ফেলিক্স সানচেস, “আমরা আমাদের দেশের জন্য ইতিহাস রচনা করলাম। এই অর্জনে আমাদের গর্বিত করবে। ২০২২ বিশ্বকাপের জন্য প্রস্তুতির ক্ষেত্রে এটা আমাদের আরও একটি ধাপ এগিয়ে নিয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত