ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপরীতে দেবদাস ও মহব্বতে ছবিতে অভিনয় করেন শাহরুখ খান। তাদের রসায়ন দর্শক পছন্দও করেছেন। কিন্তু এ নায়িকার বিপরীতে আরেকটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন কিং খান।
নামী নির্মাতা মণিরত্নমের ‘রাবণ’ মুক্তি পায় ২০১০ সালে। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া অভিনয় করেন সে সিনেমায়। তবে নায়ক হিসেবে নাকি প্রথমে তাকে ভাবা হয়নি। বরং পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেন শাহরুখ।
তিনি বলেন, ‘‘মণিরত্নমের সঙ্গে কাজ উপভোগ করি। আনন্দ নিয়ে কাজ হয়। তিনি চেয়েছিলেন ‘রাবণ’-এ অভিনয় করি। কিন্তু সে সময় ব্যস্ত ছিলাম। তা ছাড়া ছবিটা দুটি ভাষায় হয়েছিল। সেটাও আমার কঠিন মনে হয়েছিল।’’
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ সিনেমায় মণিরত্নমের পরিচালনায় অভিনয় করেন শাহরুখ। বিপরীতে ছিলেন মনীষা কৈরালা ও প্রীতি জিনতা।
‘রাবণ’ হিন্দি ও তামিল ভাষায় নির্মিত হয়। তামিল সংস্করণে অভিনয় করেন বিক্রম। হিন্দি সংস্করণটি বক্স অফিসে ব্যর্থ হলেও অন্যটি হিট হয়।
এদিকে ‘জিরো’র ব্যর্থতার পর ক্যারিয়ার নিয়ে নতুন কিছু ভাবছেন শাহরুখ। ইতিমধ্যে ফিরিয়ে দিয়েছেন প্রথম ভারতীয় নভোচারী রাকেশ শর্মার বায়োপিক। তার বদলে আগ্রহ দেখিয়েছেন সঞ্জয়লীলা বানসালি ও রাজকুমার হিরানির সিনেমায়। এ ছাড়া পরিচালক ফারহান আখতার সম্প্রতি ‘ডন থ্রি’ সিনেমার ঘোষণা দিয়েছেন।
