সোশ্যাল মিডিয়ায় ফটোশপ করা অশ্লীল ছবি ভাইরাল হওয়ার পর আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় নায়িকা-রাজনীতিবিদ জয়া প্রদা। সমাজবাদী পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে অ্যাসিড হামলার হুমকির অভিযোগও তোলেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে লেখক রাম কমলের সঙ্গে কথোপকথনে অভিনয় ও রাজনীতি প্রসঙ্গে নানান তথ্য দেন জয়া প্রদা।
লোক সভার সাবেক এ সদস্য সমাজবাদী পার্টি থেকে বহিষ্কারের পর অমর সিং-এর সঙ্গে রাষ্ট্রীয় লোক মঞ্চে যোগ দেন।
তিনি বলেন, অমর সিং-এর সঙ্গে তার সম্পর্ককে নেতিবাচকভাবে দেখা হয়। জয়প্রদার ভাষ্যে, “এ জীবনে অনেক মানুষ আমাকে সাহায্য করেছেন। আর অমর সিং আমার গডফাদার।”
তিনি আরও জানান, একজন নারী হিসেবে আজম খানের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অ্যাসিড হামলার হুমকি পান। এমনকি তার মাকে বলতেও পারতেন না- ঘর থেকে বের হয়ে আর জীবিত ফিরতে পারবেন কিনা।
৫৬ বছর বয়সী অভিনেত্রী বলেন, কোনো রাজনীতিক তার পাশে এসে দাঁড়াননি। এমনকি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠান মুলায়ম সিং যাদব তাকে ফোন পর্যন্ত করেননি।
ওই সময় অমর সিং ডায়ালাইসিসের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে ফটোশপ করা জয়ার কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেক কেঁদেছিলেন তিনি। আত্মহত্যার কথাও বলেন। অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অমর সিং পাশে দাঁড়ান।
এ নেতাকে তিনি ‘গডফাদার’ বলে উল্লেখ করেন। তবে অভিযোগ করেন, অমর সিং-এর হাতে রাখি পরানোর পরও নেতিবাচক কথা থামেনি। লোকে কী বলে এখন তিনি তা নিয়ে ভাবেন না।
‘আমি সেই মেয়ে’ সিনেমার নায়িকা মনে করেন, পুরুষ নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে একজন নারীর রাজনীতিক হতে চাওয়া সত্যিকারের যুদ্ধের মতো।
