চট্টগ্রামে ৭ কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪৭ পিএম

শনিবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাত কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাস অনুসারে তৈরি প্রশ্নপত্রে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ঘটনা ঘটেছে।

কেন্দ্রগুলো হলো- কক্সবাজারের পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়,  উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া পালং খালী উচ্চ বিদ্যালয় ও নগরীর ডা. খান্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় , পতেঙ্গা উচ্চ বিদ্যালয় এবং গরীবে নেওয়াজ বিদ্যালয় কেন্দ্র।

সারা দেশে শনিবার একযোগে শুরু এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান দেশ রূপান্তরকে বলেন, বাংলা প্রথম পত্র পরীক্ষা ২০১৬, ২০১৮, ২০১৯ সালের সিলেবাস অনুসারে হওয়ার কথা। সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের ভুলে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন নিয়মিতদের দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবদের বলেছি, কতজন শিক্ষার্থীদের এ রকম প্রশ্নপত্র দেওয়া হয়েছে তথ্য জানাতে।

তিনি আরো জানান, এতে পরীক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থটাই দেখা হবে। কেন্দ্র সচিবদের ভুল শিক্ষার্থীরা বহন করবে না। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।

তিনি দেশ রূপান্তরকে বলেন, আমরা ভুলের শিকার পরীক্ষার্থীদের রোল নম্বার সংগ্রহ করছি, যাতে কোনো শিক্ষার্থীর ক্ষতি না হয়।

সেন্ট প্লাসিডস স্কুলের শিক্ষার্থী তীর্থ চক্রবর্ত্তী জানান, মিউনিসিপ্যাল স্কুলে তাদের পরীক্ষাকেন্দ্র ছিল, পরীক্ষা শেষে তারা চার বন্ধু মিলে বাংলা ১ম পত্র ‘খ’ সেটের প্রশ্ন মিলাচ্ছিল এ সময় তাদের এক বন্ধু সৃজন বড়ুয়ার ‘খ’ সেটের প্রশ্ন তাদের তিন বন্ধুর প্রশ্নের সঙ্গে মিলছে না দেখে কান্না শুরু করে, পরে বন্ধুরা দেখে সৃজনের প্রশ্ন ২০১৮ সালের।

চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ২৫ হাজার ১৬৮ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৪ হাজার ৬৯১ শিক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল মোট ৪৭৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত