ঢাকার পূর্বাচলে তিন বছরের মধ্যে শেষ করা হবে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। পূর্বাচলে ৩৭.৪৯ একর জমি এই ‘স্টেট অব দ্য আর্ট ক্রিকেট স্টেডিয়াম’ এর জন্য বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বয়ংসম্পূর্ণ এই স্থাপত্যের পুরোটাই বিসিবি নিজেদের খরচে করবে।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় নতুন স্টেডিয়াম প্রজেক্টের কনসালটেন্সির জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। তিন বছরের মধ্যে কাজ শেষ করার জন্য প্রজেক্ট বাস্তবায়ন কমিটিও হতে যাচ্ছে।
সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘পুরোটা করবে বিসিবি। নিজ খরচে করব। আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম দেখার মতো একটা জায়গা হবে।‘ দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার হবে জানিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, ‘এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব।’
পূর্ণাঙ্গ স্টেডিয়ামটির সঙ্গে অ্যাকাডেমি, ইনডোর, সুইমিং পুল ও জিমনেশিয়াম থাকবে। এগুলো নিজেরা করলেও যে পাঁচতারা হোটেলের পরিকল্পনা আছে তা বিসিবি করবে না। নাজমুল হাসান জানিয়েছেন, পরামর্শকদের রিপোর্ট পেলে নির্মাণ খরচ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
