নিজেদের মাঠে দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করতে পারল না ইউভেন্তুস। জোড়া গোল করেও দল ও সমর্থকদের জয়োল্লাসে মাতাতে পারলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তুরিনের ক্লাবটির পয়েন্ট কেড়ে নিয়েছে পার্মা।
তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতের সেরি আর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে রোনালদো। নিজে দুটি গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছেনও।
ব্লেইস মাতুইদির পাসে ডি-বক্স থেকে ডান পায়ের শটে ইউভেন্তুসকে এগিয়ে নেন রোনালদো। প্রথমার্ধে আরও কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি দলটির খেলোয়াড়রা।
বিরতির পর আক্রমণের মাত্রা বাড়ায় উভয় দল। ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইউভেন্তুস। গোলটিতে অবদান রোনালদোর। তার কর্নার পাস থেকে ছয় গজ দূর থেকে নেওয়া বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানি।
এরপরই ঘুরে দাঁড়ায় পার্মা। ৬৪তম মিনিটে জুরাজ কুকার ক্রস থেকে ডি-বক্স দারুণ হেডে একটি গোল শোধ করেন আন্তোনিনো বারিল্লা। তবে ফের ব্যবধান বাড়াতে সময় নেয়নি ইউভেন্তুস। মারিও মানজুকিচের ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো।
এই গোলে চলতি লিগে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে ওঠে এসেছেন রোনালদো। ২২ ম্যাচে তার গোল ১৭টি।
তৃতীয় গোলটিতে জয়ের দিকেই এগুচ্ছিল ইউভেন্তুস। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দেয় পার্মা। জোড়া গোল করেন দলটির আইভরিয়ান ফরোয়ার্ড জাভিনো। ৭৪তম মিনিটে আরো একটি গোল শোধ করার পর যোগ করা সময়ে সমতাসূচক গোল করেন তিনি।
চলতি সেরি আয় এখন পর্যন্ত অপরাজিত থাকা ইউভেন্তুসের এটা তৃতীয় ড্র। ২২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে নাপোলি।
