গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ যাত্রী। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।
নিহতরা হলেন- বেসিক ব্যাংক, কোটালীপাড়া শাখার ক্যাশ অফিসার নুরুল ইসলাম (৪০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মাজেদ মোল্লার ছেলে। অপরজন মোমেনা বেগম (২৫)। তিনি পূর্ব কোটালীপাড়া এলাকার শহিদ মোল্লার স্ত্রী। আহত ৮জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ যাত্রী আহত হন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় জনগণের সহায়তায় আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেসিক ব্যাংক কর্মকর্তাসহ ওই দুইজনকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী অভিযোগ করেন, বাস চালানোর সময় চালক মোবাইলে কথা বলছিলেন। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বাসটি তিনি রাস্তার খাদে ফেলে দেন।
