প্রথমবারের মতো দলীয় প্রতীকে আগামী মাসে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক ডজনেরও বেশি প্রার্থী পোস্টার, ব্যানারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন প্রচার। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতা, স্থানীয় সাংসদের সমর্থনসহ সখ্য গড়ে তুলতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। পাশাপাশি তৃণমূল ভোটারদের সমর্থন লাভেও ধরনা দিচ্ছেন তারা।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগে উপজেলা নির্বাচনের হাওয়া বইলেও বিএনপি এ নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়ে রয়েছে দোটানায়। এ ব্যাপারে তাদের অবস্থান জানতে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশারফ হোসেনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার জানান, এখনো কেন্দ্রের কোনো নির্দেশনা না পাওয়ায় স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ১২টি ইউনিয়ন, দুটি পৌরসভা ও দুটি প্রশাসনিক থানা নিয়ে জেলার উপকূলীয় উপজেলা কলাপাড়ায় মোট ভোটার এক লাখ ৬৮ হাজার ৫৩৪ জন। সর্বশেষ ২০১৪ সালে এখানে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিজয়ী হন বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।
এবার আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যানসহ ১৪ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন এস এম রাকিবুল আহসান, শামিম আল সাইফুল সোহাগ, মোরসালিন আহম্মেদ, সুলতান মাহমুদ, সৈয়দ নাসির উদ্দিন, দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী, ফিরোজ শিকদার, মোশারেফ হোসেন মৃধা, মালেক আকন, সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, নিহার রঞ্জন সরকার মিলটন, মাহমুদুল হাসান টিটু, জাকি হোসেন জুকু। ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে তৎপর রয়েছেন মোস্তাফা কামাল, অধ্যাপক মনজুরুল আলম লিপন, মাহমুদুল হাসান সুজন মোল্লা, আক্তারুজ্জামান হারুন, ইউসুফ, আলম মাতুব্বর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখন পর্যন্ত আগ্রহী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিলকিস জাহান, রোজিনা আক্তার, লাইজু হেলেন লাকী, সীমা আক্তার, উম্মে তামিমা বিথী, নুসরাত জাহান সাথী ও মলি আক্তার।
