অর্থ পাচারের অভিযোগ উড়িয়ে স্বামীর পাশে প্রিয়াঙ্কা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৭ পিএম

কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার দিন বড় ধরনের ঝামেলায় প্রিয়াঙ্কা গান্ধী। তার স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগকে তিনি উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে স্বামীর পাশে থাকার ঘোষণাও দিয়েছেন।

বুধবার রবার্টকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর সেই জেরায় মুখোমুখি হওয়ার আগে রবার্টকে ইডি অফিসে নামিয়ে দিয়ে যান প্রিয়াঙ্কা।

সেখানেই সংবাদমাধ্যমকে বলেন, ‘সবাই জানে কী হচ্ছে। আমি আমার স্বামীর পাশেই দাঁড়াচ্ছি।’

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ দিল্লির ইডি অফিসে হাজির হয়ে আসলে নিজের রাজনৈতিক উপস্থিতিই জানান দিলেন প্রিয়াঙ্কা। যা একই সঙ্গে বার্তা ইডি এবং শাসক বিজেপি শিবিরকে।

লন্ডনে একাধিক সম্পত্তি কেনাবেচা নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ আছে তার স্বামীর বিরুদ্ধে। এই সম্পত্তির পরিমাণ প্রায় ৯ মিলিয়ন পাউন্ড বা ৮৫ কোটি টাকা।

সামনের মে মাসে ভারতে নির্বাচন হওয়ার কথা। তার কয়েক মাস আগে প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়েছে কংগ্রেস।

২০১৪ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির বিপুল সাফল্য ছিল নরেন্দ্র মোদির জন্য। এবার বিজেপিকে হারাতে জোট বেঁধে ফেলেছেন মায়াবতী-অখিলেশ। কংগ্রেসও ৮০টি আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে এবারের ভোটে কংগ্রেসের কাছেও বড় চ্যালেঞ্জ এই উত্তরপ্রদেশ। এক দিকে বিজেপি এবং অন্য দিকে বিএসপি-এসপি জোট। দুই পক্ষকে মোকাবিলা করতে ৪৭ বছরের প্রিয়াঙ্কার ওপর ভরসা রাখছে কংগ্রেস।

বোঝা যাচ্ছে বসে নেই মোদি শিবিরও। প্রিয়াঙ্কাকে ঘায়েল করতে তার স্বামীর ‘অনিয়ম’ সামনে আনা হয়েছে। প্রিয়াঙ্কা স্বামীকে বাঁচাতে কী পদক্ষেপ নেন, সেটিই এখন দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত