ইংল্যান্ডের বিপক্ষে যুব টেস্ট ম্যাচের প্রথম দিনে ফেরার দারুণ গল্প লিখেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দাপুটে শুরু পেয়েছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। গড়েছিল শতরানের উদ্বোধনী জুটি। তবে রুহেল আহমেদ, আসাদুল্লাহ হিল গালিব ও মিনহাজুর রহমানের বোলিংয়ে ভর করে দারুণভাবে ম্যাচে ফিরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল ইংল্যান্ড যুবারা। ৮ উইকেটে ২৬১ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে দলটি।
এদিন বল্ডারসন ও চার্লসওয়ার্থ উদ্বোধনী জুটিতেই যোগ করেন ১২৪ রান। ৬৫ রান করা বল্ডারসনকে ফেরান রুহেল আহমেদ। তবে চার্লসওয়ার্থকে ফেরানো যাচ্ছিল না। সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে আউট হন তিনি। রুহেল নিজের চতুর্থ শিকার বানান তাকে। ৯৯ রান করে ফেরেন চার্লসওয়ার্থ।
চার্লসওয়ার্থ ফেরার পর ২৭ রানের ব্যবধানে ফিরেছেন আরো তিন ইংলিশ ব্যাটসম্যান। রুহেলের ৪ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন আসাদুল্লাহ হিল গালিব ও মিনহাজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম দিন শেষে
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬১/৮ (বল্ডারসন ৬৫, চার্লসওয়ার্থ ৯৯, হিল ২৬; রুহেল ৪/৬১, গালিব ২/৬৮, মিনহাজুর ২/২৮)।
