দীর্ঘ ক্যারিয়ারে কত রকমের চরিত্রে অভিনয় করেছেন সালমান খান সে হিসেব হয়তো তিনি নিজেও করতে পারবেন না। সে যাই হোক, অভিনেতা যেহেতু, নিত্য নতুন চরিত্রে তাকে হাজির হতেই হবে। সম্প্রতি এমনি আরও একটি নতুন চরিত্রে হাজির হতে যাচ্ছেন সালমান খান। এবার তাকে দেখা যাবে গোয়েন্দা হিসেবে। মাসল দেখিয়ে নয়, দর্শকদের তাক লাগাবেন বুদ্ধির খেলায়।
জানা যায়, একটি কোরিয়ান ছবির রিমেকে সালমানকে এভাবেই দেখা যাবে। দক্ষিণ কোরিয়ান সিনেমার ভয়ংকর গোয়েন্দা চরিত্র সিও দো-ছেওলের চরিত্রে দেখা যাবে তাকে। সে দেশের বিখ্যাত সিনেমা ‘ভেটেরন’এর মুখ্য চরিত্র এটিই।
ছবিটি প্রযোজনা করছে রিয়েল লাইফ প্রোডাকশন নামের একটি প্রযোজনা সংস্থা৷ ছবিটি পরিচালনা করতে পারেন অতুল অগ্নিহোত্রী৷ ছবিটি তারকাখচিত হতে পারে বলে প্রোডাকশন হাউস সূত্রে জানা গেছে। এই ছবিতে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, টাব্বু, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভারের মতো বলিউডের এক ঝাঁক তারকাকে।
