বলিউড অভিনেতা অলোক নাথ ও পরিচালক সৌমিক সেনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে বেশ আগেই। তাদের সঙ্গে কাজ করেছিলেন মাধুরী দীক্ষিত। তিনি জানান, ওই দুজনের বিরুদ্ধে ‘মিটু’ সংক্রান্ত অভিযোগ ওঠার পরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন।
বার্তা সংস্থা পিটিআইকে মাধুরী বলেন, ‘কাউকে অনেক বছর ধরে চেনার পরে তার সম্পর্কে এ রকম খবর শুনলে আঘাত লাগে।’
মাস ছয়েক আগে লেখিকা ও পরিচালক বিনীতা নন্দা ধর্ষণের অভিযোগ তোলেন অলোক নাথের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল ১৯ বছর আগে বর্ষীয়ান এ অভিনেতা তাকে ধর্ষণ করেছেন। এর পর তার বিরুদ্ধে মুখ খোলেন সন্ধ্যা মৃদুল এবং ১৯৯৪ সালের ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমা টিমের এক সদস্যও। অন্যদিকে পৃথক অভিযোগ ওঠে সৌমিক সেনের বিরুদ্ধে।
মাধুরী বলেন, ‘এ ধরনের ঘটনা সামনে এলে সত্যি প্রচণ্ড আঘাত লাগে। আপনি কাউকে অনেক বছর ধরে চেনেন এবং তার পরে এমন ঘটনা শুনলেন, ভাবা যায়!’
অলোক নাথের সঙ্গে মাধুরী নব্বইয়ের দশকের প্রথম দিকে অনেক সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখ্যযোগ্য হলো দয়াবান, জামাই রাজা, হাম আপকে হ্যায় কৌন ও হাম তুমহারে হ্যায় সনম। ২০১৪ সালে সৌমিক সেন পরিচালিত ‘গুলাব গ্যাং' সিনেমায় অভিনয় করেন এ অভিনেত্রী।
এ দিকে চলতি মাসেই মুক্তি পাচ্ছে মাধুরী দীক্ষিতের পরের সিনেমা ‘টোটাল ধামাল'। এর পর দেখা দেবেন ‘কলঙ্ক’-এ।
