বরিশালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আফরোজা খানম নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরের মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি আফরোজা একটি নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াসহ সকল নেতা কর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় সম্প্রতি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
