শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। শুটিং ইউনিট সূত্রে জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলছিল ‘গাঙচিল’ ছবির শুটিং। সেখানে আজ সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
দেশ রূপান্তরকে পরিচালক বলেন, ‘একটি শটে পূর্ণিমা মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে বসা ছিলেন ফেরদৌস। চলন্ত অবস্থায় হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যান। এতে তাদের শরীরের একাধিক স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে।’
পরিচালক আরও বলেন, ‘নোয়াখালীর বসুরহাটের সেন্ট্রাল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এক্স-রে করার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে। আমরা এক্স-রে রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে একই নামের ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ছবিটি প্রযোজনা করছে ইচ্ছেমতো এবং ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস। এ ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। বাংলাদেশ থেকে এ ছবিতে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান প্রমুখ।
