অন্য বছরের মতো এবারও পহেলা ফাল্গুনে দর্শনার্থীদের ভিড় বেশি ছিল অমর একুশে গ্রন্থমেলায়। এদিন পাঠকের মতো লেখকরাও রঙিন পাঞ্জাবি, শাড়ি পরে হাজির হয়েছিলেন প্রাণের মেলায়। বিশেষ নজর কেড়েছেন নবীনরা। গতকাল মেলায় গিয়েছিলেন লেখক ফাহিদা ফারজানা। তার প্রথম গল্পগ্রন্থ ‘বেলা অবেলার গল্প’ বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। নিজের বই প্রকাশ হওয়া নিয়ে উচ্ছ্বসিত লেখক দেশ রূপান্তরকে বলেন, ‘জীবনের বিচিত্র বাঁক, উত্থান-পতন, আত্ম-অনুশোচনা, প্রকৃতির পূরণীয় দেনা-পাওনার হিসাব, প্রেম-বিরহ, আশা-ভরসা, বদলে যাওয়া সময় আর তার আড়ালের কথা আছে বইতে।’
নবকুমার দত্তের প্রথম নন-ফিকশন বই ‘পড়শির খোঁজে’ লিঙ্গবৈচিত্র্য ও ধর্ম নিয়ে লেখা। সব্যসাচী প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বই প্রকাশ নিয়ে নবকুমার দত্ত বলেন, ‘এই বইয়ের মাধ্যমে লিঙ্গবৈচিত্র্যকে ধর্মের আলোকে বোঝার চেষ্টা করা হয়েছে। কেননা জাতিগতভাবে আমরা সবকিছু বিচার করার জন্য ধর্মকেই প্রথম ও প্রধান ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি।’ প্রকাশিত হয়েছে তরুণ লেখক দেবব্রত ভৌমিকের বই ‘অ-মানুষের গল্প’। প্রকাশ করছে ‘বর্ষাদুপুর’ প্রকাশনী। তিনি বলেন, ‘আমার চোখে দেখা সমাজের প্রতিনিধি, প্রতিবেশী, পরিবারের সদস্য, ভালোবাসার মানুষ, প্রতিদিনকার জীবনযাত্রায় নিজ চোখে দেখা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নি¤œবিত্ত মানুষগুলোর গল্প তুলে ধরতে চেয়েছি।’
