২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘সীমাবদ্ধতা সত্ত্বেও উপকূলে কোস্টগার্ডের অবদান অনেক’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৮ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকার পরেও উপকূলীয় এলাকার মানুষের জান-মাল রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে কোস্টগার্ড অনেক অবদান রেখেছে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘দেশের উপকূলীয় এলাকা দিয়ে অনুপ্রবেশ রোধ করতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে।’ কোস্টগার্ডকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে অল ওয়েদার ক্যাপাবল জাহাজ, হোভারক্রাফট, ড্রোন, হেলিকপ্টার ও মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটের মতো আধুনিক প্ল্যাটফরম সংযোজনের পরিকল্পনা রয়েছে। এতে গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হবে। বিশেষায়িত এ বাহিনীর পেশাগত ভিত্তি গড়ে তোলার জন্য নিজস্ব জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত