রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে আশরাফ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬ টায় মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মামুন মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা মহানগর প্রজেক্টের তিন নাম্বার রোডের একটি আটতলা ভবনে রড মিস্ত্রির কাজ করি। বিকেলে ভবনের ছয় তলায় আশরাফ রডের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
তিনি আরও জানান, পেশায় রড মিস্ত্রি আশরাফ পরিবার নিয়ে রামপুরা উলন বাজার এর পাশে থাকেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
