আজিমপুর-মিরপুর-ধানমন্ডিতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৬ পিএম

যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলায় ঢাকার আজিমপুর থেকে ধানমন্ডি হয়ে মিরপুর পর্যন্ত এলাকায় বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়। আগামী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

মোহাম্মদপুর এলাকার এক বাসিন্দা জানান, সকালে ঘুম থেকে উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখেন যে মিটমিট করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর গ্যাস পুরোপুরি চলে যায়।

এরপর ধানমন্ডি, আজিমপুর থেকেও অনেকে তাদের ঘরে গ্যাস না থাকার বিষয়টি জানান। একই কথা বললেন মিরপুর এলাকার অনেক বাসিন্দা।

তিতাসের এক মোবাইল এসএসএসে জানানো হয়, মেরামত কাজ চলমান থাকার কারণে আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ ও এসব এলাকার আশ-পাশের সংযোগে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

তিতাসের জনসংযোগ শাখার কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্লান্ট থেকে তিতাসে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার কিছু কিছু এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত