বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া দলে ফিরবেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সেই প্রস্তুতি পর্বেই স্মিথ ও ওয়ার্নার অজি দলে ফিরবেন বলে খবর দেশটির সংবাদমাধ্যমের।
গেল বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৯ মার্চ। এই সময় অস্ট্রেলিয়া দল সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই দলে ফিরবেন স্মিথ ও ওয়ার্নার, এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে কনুইয়ের চোট নিয়ে ফেরেন দুজনই।
মে’র শুরুতে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপের জন্য ক্যাম্প করবে ইংল্যান্ডের ব্রিসবেনে। সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে আন অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। সেই দলে ফেরার আগে স্মিথ ও ওয়ার্নার দুজনই খেলবেন আইপিএলে।
মূল আসর শুরুর আগে অস্ট্রেলিয়া দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৫ মে স্বাগতিক ইংল্যান্ড ও ১ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা।
