রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আবারও রাশিয়ান নাগরিকের মৃত্যু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৭ পিএম

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন গ্রিন সিটিতে আবারও রাশিয়ান নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রাশিয়ানের নাম জেলেস্কি ভাটজিম (৩৪)। তিনি প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই রাশিয়ানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রকল্পের ৩নং ভবনের ১৪ তলায় এই রাশিয়ান বসবাস করতেন। সকাল ৭.৪৫ মিনিটের দিকে প্রতিবেশীদের কেউ ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।পরে সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার হয়।

পুলিশ জানায়, ফ্ল্যাটের ডাইনিংয়ের কমন স্পেসের সঙ্গেই বাথরুম। বাথরুমের ফলস ছাদে রাখা গিজার হতে ডাইনিংয়ের মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন।

পুলিশ আরও জানায়, জনৈক এক রাশিয়ান সকাল ৭টার দিকে কাজে যাওয়ার সময় জেলেস্কিকে ঘোরাফেরা করতে দেখেছে। ৭.০০ থেকে ৭.৪৫ মিনিটের মধ্যেই রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলে সংশি­ষ্টরা ধারণা করছেন। ঈশ্বরদী ফায়ার সার্ভিস সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে যায়। লাশ পরে থানায় নেয়া হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, লাশ ময়নাতদন্ত শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সেখানে রাসিয়ান দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় লাশ প্রেরণ করা হবে।

এর আগে ২৫ জানুয়ারি আরেক রাশিয়ান নাগরিক শেরগিন ভেইলি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স ছিল ৭৯ বছর। তিনি রোসেম নামে একটি প্রতিষ্ঠানের হয়ে এ প্রকল্পে কাজ করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত