পার্বতীপুর রেলস্টেশনকে আন্তর্জাতিকমানের করা হবে: রেলমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭ পিএম

পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে। বাংলাদেশ রেলওয়েতে দুর্নীতি বন্ধ এবং যাত্রীসেবা নিশ্চিত করাই হবে বর্তমান রেলমন্ত্রীর ‘টপ প্রায়োরিটি’।

শনিবার বিকেল সাড়ে ৫টায় রেলের লোকোমোটিভ কারখানায় সাংবাদিকদের ব্রিফিংয়ে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

বর্তমান সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের পরিকল্পনা হচ্ছে রেলের সমস্ত মিটারগেজ রেলপথকে ব্রডগেজে পরিণত করা।

মন্ত্রী বলেন, আমি দায়িত্ব পেয়েছি মাত্র এক মাস হচ্ছে। এ সময়টায় আমি রেল সম্পর্কে জ্ঞান অর্জন করছি। কেননা এর আগে আমি কখনো ট্রেনে ভ্রমণ করিনি। বাসে যাতায়াত করেছি সব সময়।

রেল মন্ত্রী বেলা আড়াইটায় পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে আসেন। তিনি কারখানার সবগুলো শপ পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর-৫ এর সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ীর কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি উপস্থিত ছিলেন।

এ সময় কারখানার জনবল-সমস্যা, মালামাল আমদানি, ব্যয় বরাদ্দসহ সকল চলমান সমস্যা সমাধানের কথা বলেন তিনি। সন্ধ্যা ৬টায় মন্ত্রী পার্বতীপুর রেল জংশন স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি পার্বতীপুর রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করার ঘোষণা দেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত