সিনেমার শুটিংয়ের সময় নিজের চরিত্রের পরিসর ও সংলাপ নিয়ে তুলকালাম কাণ্ড করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়িকা ভেবেছিলেন তার অভিজ্ঞতাকে গুরুত্ব দেবেন পরিচালক। কিন্তু তা হয়নি। তখন বেশ চিৎকার-চেঁচামেচি করে সেট ছেড়ে বেরিয়ে যান কলকাতার এ নায়িকা।
পরিচালক পৃথা চক্রবর্তীর প্রথম সিনেমা ‘মুখার্জীদার বউ’-এর সেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পরে ছবির প্রযোজক নন্দিতা রায়ের অনুরোধে ঋতুপর্ণা শুটিংয়ে ফেরেন।
এ নিয়ে বাংলাদেশের ‘রাঙা বউ’ সিনেমার এ নায়িকা বলেন, ‘‘আমার মনে হয়েছিল, পরিচালক হিসেবে পৃথা ওর আত্মবিশ্বাস হারাচ্ছিল। শিবপ্রসাদ-নন্দিতার ওপর বেশি নির্ভর করছিল।’’
যদিও টালিগঞ্জে এর বিপরীত কথা শোনা যায়। প্রযোজক শিবপ্রসাদ-নন্দিতা সাধারণত পরিচালকের সিদ্ধান্তে আপত্তি জানান না।
ঋতুপর্ণা বলেন, ‘‘আমি কিছু সাজেশন দিয়েছিলাম। এত দিনের অভিজ্ঞতায় কোনটি করা উচিত আর কোনটি নয়, তা বুঝে সেই জায়গা থেকেই বলেছিলাম। কিন্তু শিবু ফোন করে বলতে থাকে চিত্রনাট্যের মতো চলতে হবে। তখনই একটু রাগারাগি হয়!’’
পরে তার দাবি মেনেই নাকি শুটিং করা হয়। এমনটা জানালেন ঋতুপর্ণা।
অবশ্য ‘মুখার্জীদার বউ’তে মূল চরিত্র করছেন ঋতুপর্ণা। অনেকটা সূত্রধরের মতো দেখা যাবে তাকে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার। সিনেমাটি মুক্তি পাবে মার্চে।
এদিকে শুক্রবার মুক্তি পাবে ঋতুপর্ণা প্রযোজিত ও অভিনীত ‘আহা রে’। এতে নায়ক হয়েছেন বাংলাদেশের আরিফিন শুভ। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আলমগীর।
