কারাগারে বন্দীদের পর্যাপ্ত কক্ষ ও চিকিৎসক নিয়োগ চেয়ে রিট আবেদন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫২ পিএম

সারা দেশের ৬৮টি কারাগারে বন্দীদের জন্য পর্যাপ্ত কক্ষ ও ১২০ জন  চিকিৎসকের শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। 

তিনি জানান, কারাগারে বন্দীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ না দেওয়া ও বন্দীদের থাকার জন্য পর্যাপ্ত স্থান বরাদ্দ না করায় সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুল চাওয়া হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও আইজি প্রিজনকে বিবাদী করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ  পাঠান আইনজীবী জে আর খান রবিন। জবাব না পাওয়ায় এ রিট আবেদন করা  হয় বলে জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন কারাগারে ১২০ জন কারা চিকিৎসক প্রয়োজন। কিন্তু মাত্র ৯ জন চিকিৎসক ৮৯ হাজার কারাবন্দীকে চিকিৎসা দিয়ে আসছেন। এ ছাড়া এমনিতেই নির্দিষ্ট পরিমাণের তুলনায় দেশের কারাগারগুলোতে দ্বিগুণের বেশি বন্দী রয়েছেন। এতে করে কারাবন্দীদের  স্বাভাবিক জীবন ও চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ জন্যই এ রিট আবেদন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত