হবিগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও গত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী জি কে গউছ, তার ভাই জি কে গফফারসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে এসব মামলার ৩৩ আসামি জামিন আবেদন করলে বিচারক ১৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকিদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
আদালত সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গতকাল আসামিদের মধ্যে ৩৩ জন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের মধ্যে জি কে গউছ, জি কে গফফারসহ, ছামিউল বাছির, এনামুল হক, সাহেদ, শাহরিয়ার সৌরভ, আফিল উদ্দিন, এমদাদুল হক, শাহ রাজীব আহমেদ রিংগন, মাহবুব, কোহিনুর মিয়া, জহিরুল হক, সুমন মিয়া ও মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
