ভোলার তজুমদ্দিনে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম প্রশান্ত কুমার দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন। এ সময় আটক করা ৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জেলেদের একটি নৌকা নিলামে বিক্রি করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, গতকাল সকাল থেকে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথভাবে তজুমদ্দিনের মেঘনায় অবৈধ জাল উচ্ছেদে অভিযান চালায়। এ সময় চরলাদেন এলাকায় মাছ ধরার সময় আবদুর রহিম (৩০), বেলাল (২২), মিরাজ (২৫) ও সালাউদ্দিনকে (২৫) কারেন্ট জালসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে কারাদ- দেওয়া হয়।
কোস্টগার্ড জানায়, আটক করা ৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর জেলেদের একটি নৌকা প্রকাশ্যে নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়। আটক করা প্রায় ১০ কেজি জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
