চেলসিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যানইউ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৫ এএম

দারুণ খেললেন পল পগবা। গোল করানোর পর করলেও। ফরাসি এই মিডফিল্ডারের দুর্দান্ত নৈপুণ্যে চেলসিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে জাতীয় পর্যায়ে ফুটবলের সবচেয়ে প্রাচীন প্রতিযোগিতার শেষ ষোলোয় চেলসিকে ২-০ গোলে হারায় ওলে গুনার সুলশারের দল। প্রথমার্ধেই গোল দুটি পায় রেড ডেভিলরা। এররেরা দলকে এগিয়ে নেওয়ার পর বিরতিতে যাওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন পগবা।

চেলসিকে হারিয়ে ফের জয়ে ফিরল ইউনাইটেড। আগের ম্যাচটিতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির কাছে ২-০ গোলে হেরেছিল ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি।

চেলসির মাঠে বল-দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে নজরকাড়া ছিল ইউনাইটেড। ৩১তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় তারা। পল পগবার ক্রসে ডি-বক্সের মাঝামাঝি থেকে দারুণ এক হেডে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার এররেরা।

বিররিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দলকে দ্বিতীয় গোলটি এনে দেন পগবা। মার্কাস র‍্যাশফোর্ডের ক্রসে ডি-বক্স থেকে অসাধারণ এক হেডে জালে বল জড়ান মাঝ মাঠের এই খেলোয়াড়।

দ্বিতীয়ার্ধে বল নিয়ন্ত্রণে রাখলেও কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। অতিথিদের রক্ষণভাগের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি মাওরিসিও সাররির দল।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ইউনাইটেডের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

কোয়ার্টার-ফাইনালের অপর তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সোয়ানসি সিটি; ক্রিস্টাল প্যালেসের প্রতিপক্ষ ওয়াটফোর্ড; ব্রাইটনের প্রতিপক্ষ মিলওয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত