ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিন মোট ২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১৮ টি হলের প্রাধ্যক্ষের সূত্রে এই তথ্য জানা যায়।
মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব কটি আবাসিক হলের রিটার্নিং কর্মকর্তাগণ বিনা মূল্যে মনোনয়ন পত্র বিতরণ শুরু করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষের অফিস থেকে এই মনোনয়নপত্র নেওয়া যাবে। মনোনয়ন পত্র বিতরণ চলবে এ মাসের ২৫ তারিখ পর্যন্ত ।
এর আগে ছাত্রদলের পক্ষ থেকে দাবি দাওয়া মানা না হলে ডাকসুতে প্যানেল না দেওয়ার কথা জানানো হয়। অন্যদিকে দাবি পূরণে আন্দোলন অব্যাহত রাখলেও আগামী ২২ বা ২৩ তারিখে মনোনয়ন সংগ্রহ করবেন বলে ইঙ্গিত দিয়েছেন বাম সংগঠনের নেতারা।
বিভিন্ন হলের প্রাধ্যক্ষের অফিস সূত্রে জানা যায়, সূর্যসেন হলে ৫টি, শহীদ সার্জেন্ট জহরুল হক হলে ৫টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৪টি, শামসুন্নাহার হলে ২টি, সলিমুল্লাহ মুসলিম হলে ২টি, বিজয় একাত্তর হলে ১টি, সুফিয়া কামাল হলে ১টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫টি, অমর একুশে হলে ১টি, জগন্নাথ হলে ১টি এবং রোকেয়া হল ১টি করে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহীরা। অন্যদিকে, ফজলুল হক মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করে নি।
তফসিল অনুযায়ী, ১১ মার্চ সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) নিজ হলের ভোটকেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবেন। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
