আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে অন্যায় করলে তার বিচার হবে। অন্যায়কারী কখনোই বিনা বিচারে বাংলাদেশ থেকে চলে যেতে পারবে না।
মঙ্গলবার রাতে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার ২৪শ’ কোটি টাকার একটি ই-জুডিসিয়াল প্রকল্প হাতে নিয়েছে। এছাড়াও আসছে বাজেটে জিপি ও পিপিদের বেতন কাঠামো তৈরি হচ্ছে। এতে ৩৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা রাখা হবে।
এদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার- ৩ আসনের এমপি নেছার আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক।
