লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সেলিমনগর এলাকায় নৈশকোচের ধাক্কায় থ্রি-হুইলারের ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের সেলিমনগর এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী হিমেল পরিহনের একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় থ্রি-হুইলারের তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে আহতদের লালমনিরহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে কুড়িগ্রাম হাসপাতালে মারা যান আরও দুইজন।
লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অপর দুইজনকে রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেওয়ার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
