আদালতকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৩ পিএম

বিচারিক কার্যক্রমে স্বচ্ছতার জন্য আদালতকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার  নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার সুপ্রিম কোর্টে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সুসজ্জিত কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন,  ‘আপনাদের বসার জন্য একটা স্থান সংকুলান হয়েছে। আমি খুবই আনন্দিত। আমি বলেছিলাম আপনাদের এই কক্ষকে সুসজ্জিত করে দেব। আমরা চেষ্টা করেছি। এতে আপনাদের কাজের সুবিধা হবে।’

আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে তুরস্কের আঙ্কারায় একটি সেমিনারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘সেখানে একটা বিষয় ছিলো যে, বিচার বিভাগের স্বচ্ছতার জন্য সাংবাদিকদের আদালত কক্ষে প্রবেশের অনুমতি দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘এটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, যারা সাংবাদিক তাদের আদালত অঙ্গনে এবং আদালত কক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।’

এর আগে ফিতা কেটে কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে  এলআরএফ এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি। এলআরএফ’র সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন,  আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার  মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান,  এলআরএফ এর সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাশ গুপ্ত, এম বদি-উজ-জামান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন এলআরএফ’র সাধারণ সম্পাদক হাসান জাবেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত