প্রিমিয়ার টি-টোয়েন্টির গ্রুপিং ও সূচি প্রকাশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৬ পিএম

প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু হবে নতুন টি-টোয়েন্টি আসর। স্বীকৃতি টি-টোয়েন্টির মর্যাদা পাওয়া আসরটির গ্রুপিং ও সূচি প্রকাশ হয়েছে বুধবার।

মোট ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে আসরটিতে। ‘এ’ গ্রুপে খেলবে আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও উত্তরা স্পোর্টিং ক্লাব।

গ্রুপ ‘সি’ তে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাইন পুকুর ক্রিকেট ক্লাব। গ্রুপ ‘ডি’ তে রয়েছে প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বিকেএসপি।

প্রথমে জানা গিয়েছিল প্রতিদিন তিনটি করে খেলা অনুষ্ঠিত হবে। কিন্তু বিসিবি প্রকাশিত সূচিতে জানানো হয়েছে গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো।

প্রতিদিন হবে চারটি করে ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হবে সাড়ে ১২টায়। দ্বিতীয়টি বিকেল সাড়ে ৫টায়। ফতুল্লায় হবে অন্য দুটি ম্যাচ। প্রথম ম্যাচ হবে সকাল ৯টায়। দ্বিতীয়টি দুপুর দেড়টায়।

১ মার্চ আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচটি হবে সাড়ে ১২টায়। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়নের ম্যাচটি হবে বিকেল সাড়ে ৫টায়। ৩ ফেব্রুয়ারি মিরপুরে আসরের ফাইনাল। যেটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আসরের প্রথম দিন প্রথম ম্যাচে শেখ জামাল খেলবে খেলাঘরের বিপক্ষে। মিরপুরে বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। একই মাঠে বিকেল সাড়ে পাঁচটায় আবাহনী খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ফতুল্লায় সকাল ৯টায় রূপগঞ্জ খেলবে সাইন পুকুরের বিপক্ষে। দুপুর দেড়টায় দোলেশ্বর খেলবে বিকেএসপির বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত