ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মের ক্ষমতাসীন দল কনজারভেটিভ থেকে পদত্যাগ করেছেন তিন এমপি। তারা তিনজনই সরকারের ব্রেক্সিট পরিকল্পনার কট্টর সমালোচক বলে পরিচিত।
বুধবার প্রধানমন্ত্রী থেরেসা মেকে লেখা এক যৌথ চিঠিতে তারা পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগ করা তিন এমপি হলেন অ্যানা সোবরি, সারাহ উলস্টন ও হেইডি অ্যালেন।
সিএনএন জানিয়েছে, লেবার পার্টি থেকে বেরিয়ে যাওয়া এমপিদের গঠন করা স্বতন্ত্র দলে যোগ দিচ্ছেন তারা।
‘ব্রিটেন এক্সিট’কে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া এটি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সঙ্গে ব্যবসা করতে পারে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস করতে পারে। ৪০ বছরের বেশি সময় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের জুনে একটি গণভোট আয়োজন করে যুক্তরাজ্য, যেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।
২০১৯ সালের ২৯ মার্চ দুই পক্ষের আলাদা হওয়ার কথা রয়েছে। কিন্তু ব্রিটেনের অনেকেই সেটি মানতে পারছেন না। থেরেসা মের দল থেকেও আপত্তি আছে।
এর আগে সোমবার ব্রেক্সিট এবং ইহুদি বিদ্বেষের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদল লেবার পার্টি থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র এমপিদের নতুন একটি দল হিসেবে পার্লামেন্টে বসার ঘোষণা দেন ৭ এমপি।
বিবিসি বলছে, এই পদত্যাগ যুক্তরাজ্যের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।
