ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসের হুমকি মোকাবিলা ও সন্ত্রাসে পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোর ওপর চাপ প্রয়োগে তার দেশের সঙ্গে সম্মত হয়েছে সৌদি আরব। গতকাল বুধবার ভারত সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পুলওয়ামায় সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে যান এমবিএস। দুদিনের সফর শেষে দেশে ফিরে তিন হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ভারতে আসেন সৌদির এই নেতা। কাশ্মীর হামলার পেছনে পাকিস্তানের হাত দেখছে ভারত। তবে পাকিস্তান সে দাবি নাকচ করে এর পক্ষে প্রমাণ দেখাতে বলেছে। অন্যদিকে দুই দেশের বিবদমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক হলে চমৎকার হতো।’
বৈঠক শেষে মোদি বলেন, ‘পুলওয়ামায় গত সপ্তাহে বর্বরোচিত সন্ত্রাসী হামলা বিশ্বে মানবতাবিরোধী হুমকির আরেকটি নিষ্ঠুর নমুনা। এ হুমকি কার্যকরভাবে মোকাবিলা করতে আমরা সম্মত হয়েছি যে, সন্ত্রাসে যেকোনোভাবে পৃষ্ঠপোষকতাকারী দেশগুলোর ওপর সম্ভাব্য সব ধরনের চাপ জোরদার করা দরকার।’ এমবিএস বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থা উভয় দেশের জন্যই হুমকি। তিনি বলেন, গোয়েন্দা তথ্য বিনিময়সহ সব বিষয়ে নয়াদিল্লিকে সহায়তা করবে রিয়াদ। এর আগে পাঁচটি চুক্তিতে স্বাক্ষর করে ভারত ও সৌদি আরব। এর মধ্যে বিনিয়োগ, পর্যটন, গৃহায়ন, তথ্য ও সম্প্রচারের বিষয়টি রয়েছে। নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণেও সম্মত হয়েছে দুই দেশ।
