চকবাজারে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১, আহত অর্ধশত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪১ পিএম

পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। রাত পৌনে ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর‌্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় তখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয় এবং প্রায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ১৪ জন দগ্ধ এবং বাকিরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন।

ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শাহী মসজিদের পেছনের চুড়িহাট্টা এলাকার ওয়াহিদ ম্যানশন নামের ওই ভবনের নিচতলায় রাসায়নিকের গোডাউন, দোতলায় প্লাস্টিক কারখানা ও গোডাউন রয়েছে। উপরের তলাগুলো আবাসিক। দোতলায় সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ঢাকা ও কেরানীগঞ্জের ৩৩টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুল হক রিগান দেশ রূপান্তরকে জানান, আগুন লাগার পর আশপাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সেসব ভবনের আগুন রাত সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। মূল ভবনে তখন দাউদাউ করে আগুন জ্বলছিল। তাদের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। রাত দেড়টার দিকে মূল ভবন থেকে একজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

চকবাজার থানার ওসি শামীমুর রহমান জানান, উৎসুক মানুষের ভিড় আর পারফিউমের কৌটার বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

আগুন লাগার পর রাত সোয়া ১২টা নাগাদ অন্তত ৩০ জনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পাঁচজনকে নেওয়া হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত কর্মীরা জানান, আহতদের মধ্যে ১৪ জন অগ্নিদগ্ধ এবং বাকিদের বিভিন্ন স্থানে জখম রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) জানান, প্রায় অর্ধশত রোগী এখন পর্যন্ত হাসপাতালে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগ ও বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে রয়েছেন আলামিন (২৫), রিমন (২৮), সিয়াম (২৩), রেজাউল (২১), বাবুল (২৮), শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), করিম (৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), সোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), সালাম (৩৫),  রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫) ও জিয়াউদ্দিন (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবনের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। ফায়ার সার্ভিস কর্মীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত