প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারিক কার্যক্রমে স্বচ্ছতার জন্য আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের বসার জন্য একটা স্থান সংকুলান হয়েছে। আমি খুবই আনন্দিত। আমি বলেছিলাম আপনাদের এই কক্ষকে সুসজ্জিত করে দেব। আমরা চেষ্টা করেছি। এতে আপনাদের কাজের সুবিধা হবে।’ এর আগে ফিতা কেটে এলআরএফ কার্যালয় উদ্বোধন ও বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধান বিচারপতি।
×
