কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক এখন চরমে। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া সম্পর্কেও। ইতিমধ্যে দিল্লিতে হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তানি শ্যুটাররা।
এদিকে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। সাবেক ভারতীয় ক্রিকেটারদের অনেকে তো ম্যাচটি বয়কটের দাবি জানিয়ে আসছে। এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পাকিস্তানকে বয়কটের দাবি জানিয়েছে আইসিসিকে চিঠি দিতে যাচ্ছে স্বয়ং বিসিসিআই।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলায় ভারতের সিআরপিএফের (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) ৪০ জন জওয়ান নিহত হয়। যার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৬ জুন। কিন্তু সেই ম্যাচটা আদৌ হবে কিনা তা নিয়ে এখন সংশয়। ভারত চায় না পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলতে। এমনকি বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে নাকি আইসিসিকে চিঠি দেবে ভারত।
বিসিসিআইয়ে ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ’র চেয়ারম্যান বিনোদ রাই ও কমিটির অন্যতম সদস্য ডায়না এডুলজি শুক্রবার দিল্লিতে বৈঠকে বসবেন। এডুলজি পিটিআইকে বলেছেন, ‘‘আমরা সম্ভাব্য সবকিছু নিয়েই আলোচনা করব, যা আমাদের দেশের জন্য ভালো হবে।’’
এই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে ২৭ ফেব্রুয়ারি আইসিসির বৈঠকে নিজেদের দাবি পেশ করবে ভারত। বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছে, যদি আইসিসি ভারতের দেওয়া চিঠি গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোট পদ্ধতিতে যায়, তবে ভারত অন্য বোর্ডগুলোর কাছে সমর্থন চাইবে।’’
কিন্তু আইসিসির সংবিধানে কি সেই বিধান আছে? বিসিসিআইয়েরই একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘‘এমনটা হওয়ার একেবারে কোনো সংবিধানিক ও চুক্তিমূলক উপায় নেই। যদি কোনো সদস্যদের আইসিসির ইভেন্টে কোয়ালিফাই করে তবে আইসিসির সংবিধানে সেই সদস্য দেশকে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া আছে।’’
