তেঁতুলিয়ায় ভাতিজার বিরুদ্ধে আ.লীগের বিদ্রোহী চাচি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহমুদুর রহমান ডাবলু। নৌকা প্রতীক না পেয়ে কাপ-পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তার চাচি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদা আক্তার হীরা। নবম সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। ক্ষমতাসীন দলের এই দুই প্রার্থীর কারণে বিভক্ত হয়ে পড়ছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু দল থেকে নৌকা প্রতীক পেয়েছেন। তার চাচা মাহবুবুর রহমানের স্ত্রী হীরা শিক্ষকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাহমুদুর রহমান ডাবলু বলেন, দলীয় নেতাকর্মী-সমর্থক তার সঙ্গেই আছেন। ভাতিজার রাজনৈতিক সাফল্য ঠেকাতেই চাচি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ফরিদা আক্তার হীরা বলেন, ‘আমি ভাতিজার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী নই। আমার ভাতিজা দলীয় প্রার্থী হলেও জয়ী হতে পারবে না। তাই দলীয় নেতাকর্মী ও ভোটারদের চাপে প্রার্থী হয়েছি।’ তিনি জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বলেন, ‘আমরা দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করছি। ডাবলুর চাচি স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী নয়।’ তিনি বলেন, যিনি জিতবেন, তিনিই আওয়ামী লীগের চেয়ারম্যান হবেন। এ ছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তারুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে এবং ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হায়দার আলী দোয়াত কলম প্রতীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত