ভাষা আন্দোলনের ৬৭ বছরেও বরিশাল নগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। ফলে ১৯৫২-এর তিন দশক আগে চালু হওয়া এই প্রতিষ্ঠানের ৩ হাজারের বেশি শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে পারছে না।
কয়েকজন শিক্ষক জানান, একাত্তরের উত্তাল দিনে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় প্রতিষ্ঠা হয়। পরে এটি মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্থানান্তর করা হয়। ঐতিহ্যবাহী এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় হিসেবে পরিচিত বিদ্যালয়ে শহীদ মিনার থাকবে না এটা মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘একসময় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করত অনেক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিতে সেই উদ্যোগও নেওয়া হয়নি।’ জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, দ্রুত এই বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
