সাভারে দিগন্ত থাই চায়নিজ অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে নিম্নমানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রেস্টুরেন্টের টিভি, ফ্রিজ, এসি এবং চেয়ার-টেবিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হলেও কোনো হতাহতের খবর জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার থানা রোডে অবস্থিত মামুন পার্টি সেন্টারের বিপরীত পাশে অবস্থিত আশিকুর রহমানের মালিকানাধীন রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ওই রেস্টুরেন্টটিতে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিষ্ঠানটির ম্যানেজারসহ অন্য কর্মচারীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিটন আহমেদ বলেন,নিম্নমানের গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
×
