রাজধানীসহ দেশের জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা অপসারণের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করে। গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। অগ্নিকা-ের জন্য বিভিন্ন রাসায়নিক কারখানা দায়ী বলে গণমাধ্যমের খবরের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে ঢাবির ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এখানে এসেছি। আমরা সবাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। কোনো মানুষ যেন অগ্নিদগ্ধ হয়ে এরকম মর্মান্তিক মৃত্যুর শিকার না হয়, সেই নিশ্চয়তা চাই। অবিলম্বে দেশের সব অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
×
