ভোটাধিকার রক্ষায় মুক্তিযুদ্ধ করেছিলাম: গণশুনানিতে ড. কামাল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৪ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঐক্যফ্রন্ট আয়োজিত গণশুনানিতে তিনি একথা বলেন।

শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এ গণশুনানি দুপুর ১টায় এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

শুনানির শুরুতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

গণশুনানির শুরুতে ড. বলেন, “আমরা বিচারক নই। কোনো বিচার করার ক্ষমতা বা কর্তব্যও নেই আমাদের। গণশুনানি হচ্ছে- প্রার্থীরা জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন। বিচার যেটি হচ্ছে- সেটি ট্রাইব্যুনালে হবে। আর গণআদালত যেটি বলা হয়- সেটির বিচার জনগণ করবে।”

তিনি বলেন, “গণশুনানিতে যে বক্তব্য আসবে, সেগুলো পরে প্রকাশ করা হবে। বই আকারেও প্রকাশ করা হবে। সবার বক্তব্য রেকর্ড করা হবে।”

এসময় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, “ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। সংবিধানের সপ্তম অনুচ্ছেদে লেখা আছে- জনগণ ক্ষমতার মালিক।”

তিনি বলেন, “‘দলের নেতাদের ধারণা হলো- নির্বাচনে আসলে কী ঘটেছে, সেটি জনগণকে জানানো দরকার। কেননা তারা ক্ষমতার মালিক হিসেবে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চেয়েছিলেন।”

এসময় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩০ ডিসেম্বর দেশে একটি প্রহসনের নির্বাচন করা হয়েছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায়, যা ইচ্ছা তাই করছে সরকার। তাকে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হয় না।

গণশুনানিতে সাত সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অন্যদের মধ্যে রয়েছেন- ড. এমাজউদ্দীন আহমদ, ড. নুরুল আমিন বেপারী, ড. মহসিন রশীদ, ড. আনিসুর রহমান খান, প্রফেসর দিলারা চৌধুরী ও ড. আসিফ নজরুল।

এতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত