বাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রশিদ ফিরোজ বলেছেন, ‘চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৭০ জন মানুষ মারা গেছে তার দায় সরকারকেই নিতে হবে। ২০১০ সালে নিমতলীর ঘটনার পর যদি সরকার কেমিক্যালের গোডাউনগুলোকে সরিয়ে নিত তাহলে এই প্রাণহানির ঘটনা ঘটত না। আমরা তাই ঘটনাকে হত্যাকাণ্ড বলব।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি আরও বলেন, ‘যারা এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে তাদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে, সুচিকিৎসা দিতে হবে।’ পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়ে বাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, ‘শ্রমিক সংগঠনগুলোর হিসাবে ৯৯টি গার্মেন্টের প্রায় ১১ হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শুধু ছাঁটাই নয়, সাড়ে তিন হাজার শ্রমিকের নামে ৩৪টি মামলাও করা হয়েছে।’
